পিরোজপুরে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ২

বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের পিরোজপুর শহরের শেষ প্রান্তে শনিবার রাত ১০টায় বলেশ্বর ব্রিজের খাদে মাইক্রোবাস উল্টো দু’জন নিহত হয়েছে। এ সময় গাড়ীতে থাকা ৪ জন গুরুতর আহত হয়। মৃতরা হচ্ছে খুলনার ব্যবসায়ী তৌহিদুল ইসলাম (৪২) ও তার কন্যা নুসাইবা (১২)।
 
পিরোজপুর থানার এসআই মো. মাহাবুব আলম জানান, গত রাত ১০ টার দিকে কুয়াকাটা থেকে খুলনায় যাওয়ার পথে বলেশ্বর ব্রিজের বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা প্রান্তের খাদে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
 
পিরোজপুর দমকল বাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করে। গাড়ীতে থাকা খুলনার ব্যবসায়ী তৌহিদুল ইসলাম (৪২) ঘটনাস্থলেই প্রাণ হারায় । পিরোজপুর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা নেওয়ার পথে তৌহিদুল ইসলামের কন্যা নুসাইবা (১২) মারা যায়। পিরোজপুর হাসপাতাল থেকে আহত সকলকে রাতেই খুলনা প্রেরণ করা হয়। আহতরা হচ্ছে- তৌহিদুল ইসলামের কন্যা রুসাইয়া (৫), পুত্র জাবেদ (৭), স্ত্রী নির্ঝর (৩৫) । এছাড়া গাভী চালক খায়রুল (২৫) ও গুরুতর আহত হয়েছে।
 
হাসপাতালে ভর্তি আহত গাড়ীর চালক খায়রুল ইসলাম জানান, খুলনার নিরালা এলাকার বাসিন্দা ব্যবসায়ী তৌহিদুল ইসলাম তার নিজস্ব গাড়িতে করে স্ত্রী, দু’ মেয়ে ও এক ছেলেকে নিয়ে কুয়াকাটা থেকে তাদের বাড়ি খুলনায় যাচ্ছিল। বলেশ্বর ব্রিজ থেকে নামার সময় গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের খাদে পড়ে উল্টে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে। বাসস
 
ইত্তেফাক/এমআর