দেশিয় ঐতিহ্যবাহী পোশাকের প্রতি সর্বস্তরের মানুষের সম্মানবোধ জাগ্রত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লুঙ্গি পরে মিছিল করেছেন একদল শিক্ষার্থী। তারা লুঙ্গি পরেই ক্লাসে গিয়েছেন এবং সারাদিন ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ যায়গাগুলোতে আড্ডা দিয়েছেন। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর উদ্যোগে ব্যতিক্রমধর্মী এ আয়োজন করা হয়। ডাকসুর সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী এ আয়োজনে অংশ নেয়।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই বিভিন্ন বিভাগের ছাত্ররা লুঙ্গি পরে ক্লাসে আসেন। ক্লাস শেষ করে তারা অপরাজেয় বাংলার সামনে জড়ো হয়। এসময় ‘আরামদায়ক পোশাক লুঙ্গি’, ‘ক্লাসে লুঙ্গি’, ‘জাতীয় পোশাক লুঙ্গি’ এমন নানা স্লোগান দিয়ে তারা মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে। পরে মিছিলটি ব্যবসায় অনুষদের সামনে গিয়ে শেষ হয়। শিক্ষার্থীরা জানান, লুঙ্গি বাঙালির ঐতিহ্য; এটা মনে করিয়ে দেওয়ার জন্যই এ আয়োজন।
আয়োজকদের একজন তোফায়েল আহমেদ জানান, বাসাবাড়িতে নিজ এলাকায় অনেকে লুঙ্গি পরেন। কিন্তু এলাকার বাইরে কোনো কাজে গেলে স্কুল-কলেজ ও অফিসে কাউকে ঐতিহ্যবাহী পোশাক লুঙ্গি পরা অবস্থায় দেখা যায় না। এ অবস্থায় লুঙ্গিসহ সব ধরনের দেশিয় পোশাকের প্রতি সম্মান ও সহনশীলতা বাড়াতে তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘লুঙ্গি মহফেল ২০১৯’ নামে একটি ইভেন্ট খুলে প্রচারণা চালান। আসিফ তালুকদার বলেন, বিশ্ববিদ্যালয় হলো মুক্তচিন্তার জায়গা। কিন্তু আজকাল সব ক্ষেত্রে এর প্রয়োগ হয় না। অন্যের প্রতি সম্মান, সহনশীলতা এসব এখন অনেক কমে গেছে। লুঙ্গি আমাদের দেশিয় পোশাক হলেও অনেকে এটাকে ‘ক্ষ্যাত’ বলে আখ্যা দেন। আমরা মূলত সেই বদ্ধমূল ধারণা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছি। তিনি বলেন, পোশাক যার যার ব্যক্তিগত পছন্দ। কিন্তু বিশ্ববিদ্যালয়ে লুঙ্গি পরে ক্লাস করার কথা ভাবাও যায় না। অনেকেই বিষয়টি অন্যভাবে দেখেন। আমরা চাই এই ধারার অবসান ঘটুক।