বেসিক ব্যাংকের সাড়ে ৭৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে টেকনো ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসাইন সেলিমসহ দুজনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অপরজন হলেন বেসিক ব্যাংক লিঃ, গুলশান শাখার সাবেক কর্মকর্তা মোহাম্মদ হেমায়েত উদ্দিন তালুকদার। গতকাল বিকালে দুদকের তদন্ত কর্মকর্তা এই দুজনকে আদালতে হাজির করলে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতসূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. ইব্রাহিম তাদেরকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।