মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

মুন্সীগঞ্জের সিরাজদিখানে সোমবার পৃথক সড়ক দুর্ঘটনায় সাহেদ আলী (২৮) ও কৃষ্ণদাসী (৭০) নিহত হয়েছেন। সকাল ৮টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের রামের খোলা নামক স্থানে বাসচাপায় সাহেদ আলী (২৮) মারা যান। দুপুর ১২টার দিকে অরেক দুর্ঘটনায় শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কের কোলা ইউনিয়নে কৃষ্ণদাসী (৭০) পিকআপ ভ্যানের চাপায় মারা যান। 
 
হাসাড়া হাইওয়ে থানার ওসি গোলাম মোর্শেদ জানান, ঢাকাগামী এসএস পরিবহনের একটি যাত্রীবাহী বাস সাহেদ আলীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি ভোলা জেলার দক্ষিণ আইচা উপজেলার চর নুরউদ্দিন গ্রামের মৃত আব্দুল কাদের দেওয়ানের পুত্র। তিনি মাটি কাটার কাজ করতেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 
 
অপরদিকে শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কে একটি পিকআপ ভ্যান কৃষ্ণদাসী (৭০) নামে এক পথচারী বৃদ্ধাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে উপজেলার ইছাপুরা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত কৃষ্ণদাসী উপজেলার কোলা ইউনিয়নের ছাতিয়ানতলী গ্রামের মৃত সুবল চন্দ্র দাসের স্ত্রী। 
 
এ ব্যাপারে সিরাজদিখান থানার ওসি আবুল কালাম জানান, ঘটনা শুনেছি তবে এ ব্যাপারে কেউ কোন অভিযোগ দেয়নি।
 
 
ইত্তেফাক/এমএ