রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে ১১তম এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য ও পর্যটন এক্সপো শুরু হবে আাগমী ১২ ডিসেম্বর। ৫ দিন ব্যাপী এই এক্সপো চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত। সোমবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে সেম্স বাংলাদেশের গ্রুপ ও এমডি প্রেসিডেন্ট মেহরুন এন ইসলাম জানান, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু আগামী ১২ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টায় এক্সপোর উদ্বোধন করবেন। একই সাথে মেলায় চলবে কিডস্ এন্ড টয়েজ এক্সপো, বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার, বিউটি এন্ড ফিটনেস এক্সপো।
তিনি জানান, প্রায় ২২০টি স্টলে এ আন্তর্জাতিক প্রদর্শনী ইলেকট্রনিক্স, যোগাযোগ প্রযুক্তি, খাদ্য ও পানীয়, স্বাস্থ্য সেবা পণ্য, প্রসাধন সামগ্রী, গৃহসজ্জা সামগ্রী, ফ্যাশন, বিউটি ও লাইফস্ট্যাইল পণ্য ও সেবা এবং কারু ও হস্তশিল্পের থাকবে বিশাল সমাহার। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, ভূটান, নেপাল ও মালয়েশিয়া এ প্রদর্শনীতে অংশ নেবে।
আন্তর্জাতিক আয়োজক সংস্থা কনফারেন্স এন্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস্ লি.-সেমস্ গ্লোবাল এই এক্সপো আয়োজন করেছে। প্রদর্শনী প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেম্স বাংলাদেশের নির্বাহী পরিচালক তানভরি কামরুল ইসলাম ও হেড অব মার্কেটিং এন্ড কমিউনিকেশন নঈম শরীফ প্রমুখ।
ইত্তেফাক/ইউবি