চান্ডিমাল-ম্যাথুজের সেঞ্চুরি, ১৮০ রানে পিছিয়ে শ্রীলঙ্কা

 
ভারতের বিপক্ষে দিল্লি টেস্টের তৃতীয় দিন সেঞ্চুরি হাঁকালেন শ্রীলঙ্কার বর্তমান ও সাবেক অধিনায়ক দিনেশ চান্ডিমাল এবং অ্যাঞ্জেলো ম্যাথুজ। 
 
চান্ডিমালের অপরাজিত ১৪৭ ও ম্যাথুজের ১১১ রানের সুবাদে তৃতীয় দিন শেষে ৯ উইকেটে ৩৫৬ রান তুলেছে লঙ্কানরা। তারপরও ১ উইকেট হাতে নিয়ে ১৮০ রানে পিছিয়ে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ৭ উইকেটে ৫৩৬ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল ভারত। 
 
ম্যাথুজ-চান্ডিমালের প্রতিরোধে দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ১৩১ রান তুলেছিলো শ্রীলঙ্কা। সেই প্রতিরোধ তৃতীয় দিনও অব্যাহত রাখেন তারা। ভারতীয় বোলারদের বিপক্ষে নিজেদের সেরাটা দিয়ে উইকেটের সাথে মানিয়ে নেন ম্যাথুজ-চান্ডিমাল। ফলে ম্যাথুজ-চান্ডিমালের জুটি ভাঙ্গতে আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন ভারতীয় বোলাররা। কিন্তু স্বাগতিক চার বোলারের কোন পরিকল্পনাই কাজে দিচ্ছিলো না। 
 
শেষ পর্যন্ত ২০১৫ সালের আগস্টের পর টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরির স্বাদ নিলেন ম্যাথুজ। এই ভারতের বিপক্ষেই কলম্বোতে বড় ফরম্যাটে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন তিনি। ৩৬ ইনিংস পর সেঞ্চুরির স্বাদ নিয়ে ১১১ রানে থামেন ম্যাথুজ। ভারতের অফ-স্পিনার রবীচন্দ্রন অশ্বিনের শিকার হবার আগে ২৬৮ বলের ইনিংসে ১৪টি চার ও ২টি ছক্কা মারেন তিনি।
 
ম্যাথুজের মত সেঞ্চুরির স্বাদ নিয়েছেন চান্ডিমালও। ৪৪তম ম্যাচের ৮০ ইনিংসে এসে ১০ম সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। শ্রীলঙ্কার হয়ে দ্রুততম ১০টি সেঞ্চুরি পাওয়ার রেকর্ডও গড়েন চান্ডিমাল। এর আগে লঙ্কান রেকর্ড ৮৪ ইনিংসে দ্রুত ১০ম সেঞ্চুরির তুলেছিলেন থিলান সামারাবিরা।
 
ইত্তেফাক/ইউবি