ক্ষমতাসীন দলের নেতারা খালেদা জিয়ার প্যারোল নিয়ে অস্থির: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, তথ্যমন্ত্রীসহ ক্ষমতাসীন দলের নেতারা খালেদা জিয়ার প্যারোল নিয়ে অস্থির। কেন এই অস্থিরতা? তিনি তো স্বাভাবিক আইনি প্রক্রিয়াতেই জামিনে মুক্তি পাবেন, তা হলে ক্ষমতাসীনদের এই প্যারোলের কথা বলাটা তো দুরভিসন্ধিমূলক। তাদের আচরণে স্পষ্ট হয়েছে, জনগণের নেত্রীকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য সরকার পণ করেছে। এখন তার জীবন হুমকির মুখে ঠেলে দিয়ে প্যারোলের কথা বলছে। গতকাল বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সরকারের গভীর ষড়যন্ত্র এবং কুমতলব এখন পরিষ্কার। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, দেশের মানুষ খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চায়। প্যারোলের প্রশ্ন কেন আসছে? তিনি তো নির্দোষ। দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকার সম্পূর্ণ সাজানো মিথ্যা মামলায় তাকে জোর করে বিনাচিকিত্সায় তিলে তিলে হত্যার জন্য জেলেবন্দি করে রাখা হয়েছে।