ডেমরায় শিশু মনির হত্যা

মাদ্রাসার অধ্যক্ষ হাদীর দুই সহযোগীও গ্রেফতার

রাজধানীর ডেমরা এলাকায় একটি মসজিদ থেকে বস্তাবন্দি শিশু মনির হোসেনের মরদেহ উদ্ধারের ঘটনায় অধ্যক্ষ হাদীর দুই সহযোগী গ্রেফতার হয়েছে। এরা হলেন- মো. আকরাম ও আহাম্মদ সফি ওরফে তোহা। গতকাল বুধবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ওয়ারী জোনের উপ-পুলিশ কমিশনার মো. ফরিদ উদ্দিন।

মো. ফরিদ উদ্দিন জানান, গ্রেফতারের পর তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহূত তোয়ালে, দুইটি সিমেন্টের বস্তা, দুইটি কালো রঙয়ের দড়ি, সিমসহ একটি মোবাইল সেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত অধ্যক্ষ হাদীসহ তিনজনই প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করেছে। গ্রেফতারকৃত এই তিনজন পুলিশকে জানিয়েছে, মুক্তিপণের টাকা আদায়ের জন্য তারা মনিরকে অপহরণ করেছিল; কিন্তু এক পর্যায়ে সে মারা গেলে তাকে বস্তায় ভরে মসজিদের সিঁড়িতে রাখে তারা।