নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নে ডাঙ্গাপাড়া গ্রামে অবস্থিত সিনহা গ্রুপের সিনহা পোল্ট্রি ফার্মের বিরুদ্ধে ওই এলাকার সরকারি কাঁচা সড়কের বিভিন্ন প্রজাতির ৩০টি মূল্যবান গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে। সোমবার এলাকাবাসী জানায়, কেটে নেয়া গাছের মূল্য প্রায় তিন লাখ টাকা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ময়নাকুড়ি হতে ডাঙ্গারহাট যাওয়ার রাস্তার দুই পাশে সিনহা পোল্ট্রি ফার্মের পক্ষে কাঁটাতারের বেড়া দেয়া হয়েছে। অভিযোগ সরকারি এই কাঁচা সড়কের বেশ কিছু অংশ তারা দখল করে নিয়েছে। আর এই দখল প্রক্রিয়ায় সড়কের প্রায় ৩০টি মেহগনী, রেনট্রি, নিম গাছ কেটে ফেলা হয়। এমন কি গাছের গোড়াগুলো উপড়ে ফেলা হয়েছে। গাছগুলো ময়নাকুড়ি দাখিল মাদ্রাসা মাঠে পালা করে রাখা হয়েছে। এখান হতে ১৫টি গাছ ইতোমধ্যেই বিক্রি করা হয়। এলাকাবাসীর অভিযোগ, এর সঙ্গে বাহাগিলি ইউনিয়নের ভূমি অফিসের সহকারী তহশিলদার রশিদুল ইসলামও জড়িত রয়েছে। তারা মাদ্রাসার মাঠ হতে গাছগুলো বিক্রি করছে।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি নাহিদ তামান্না বলেন, আমি কয়েকদিন আগে অভিযোগ পেয়ে বাহাগিলি ইউনিয়নের তহশিলদার রশিদুলকে ইসলামকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলি। কিন্তু তিনি আমাকে জানায় কারা ওই গাছগুলো কেটেছে তা তিনি জানেননা। তবে উপজেলা নির্বাহী অফিসার এসএম মেহেদী হাসান ওই গাছগুলো জব্দ করে ইউনিয়ন পরিষদে নিয়ে রাখার জন্য নির্দেশ দিয়েছে।
এদিকে বাহাগিলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান শাহ দুলু বলেন, সরকারী রাস্তার ৫ থেকে ৬ টি গাছ কেটেছে এটা সত্য। যা হবার হয়েছে আমরা সকলে সিনহা গ্রুপের সঙ্গে ঘটনাটি মিটিয়ে ফেলতে পারি।
ইত্তেফাক/এএম।