নিকলীতে স্কুলছাত্রী ধর্ষণ অভিযোগে গ্রেফতার ১

 
কিশোরগঞ্জের নিকলীতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে সাজন মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে নিকলী থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
 
সাজন মিয়া নিকলী কারপাশা ইউনিয়ন মজলিশপুর বড়হাটি গ্রামের বাসিন্দা। আজ মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
 
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিকলীর একটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ওই ছাত্রী গত সোমবার রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিল। এ সময় সাজন মিয়া কৌশলে ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করে। এ সময় ওই ছাত্রীর চিৎকারে লোকজন এসে সাজন মিয়াকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ সাজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
 
এ ব্যাপারে ছাত্রীটির বড় ভাই বাদী হয়ে সোমবার রাতেই নিকলী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
 
নিকলী থানার ওসি নাসির উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে নিকলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ছাত্রীটিকে ডাক্তারি পরীক্ষার জন্য কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/জামান