ভারতের টি-টোয়েন্টি দলে জায়গা করে নিলেন তুরুণ অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। তামিলনাড়ুর ১৮ বছর বয়সী ক্রিকেটারকে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজের টি-টোয়েন্টি দলে ডাকা হয়েছে। দলে এসেছেন জয়দেব উনাদকাত, দিপক হুদা ও বাসিল থাম্পিও। ওয়ানডের মত টি-টোয়েন্টি সিরিজেও বিশ্রামে থাকবেন বিরাট কোহলি। আর ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। বিশ্রাম পেয়েছেন ওপেনার শিখর ধাওয়ান ও পেসার ভুবনেশ্বর কুমারও।
বাংলাদেশে গত বছর যুব বিশ্বকাপে ভারতীয় দলে খেলেছেন ব্যাটসম্যান হিসেবে। পরে বোলিংয়েও দেখান নৈপুণ্য। বছর খানেক হলো তামিলনাড়ুর হয়ে অভিষেক হয় প্রথম শ্রেণির ক্রিকেটেও। গত আইপিএলেও নজর কেড়েছিলেন। তামিলনাড়ু প্রিমিয়ার লিগে ৪৫৯ রান ও ১৫ উইকেট নিয়ে সম্প্রতি টুর্নামেন্ট সেরাও হন সুন্দর। খেলেছেন ভারত ‘এ’ দলে।
আন্তর্জাতিক ক্রিকেটে বেশ আগেই যাত্রা শুরু করলেও দলে একেবারেই অনিয়মিত উনাদকাতও রয়েছেন টি-টোয়েন্টি সিরিজে। গত আইপিএলে ২৪ উইকেট নিয়ে ছিলেন টুর্নামেন্টের দ্বিতীয় সেরা উইকেট শিকারি ছিলেন। ঘরোয়া ক্রিকেটে ‘হারিকেন’ খ্যাত ২২ বছর বয়সী ব্যাটসম্যান দিপক হুদা ২০১৬ আইপিএলের নিলামে ১০ লাখ রূপি ভিত্তি মূল্য থেকে ৪ কোটি ২০ লাখ পারিশ্রমিক পেয়ে আলোচনার ঝড় তুলেছিলেন।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে আগামী ২০, ২২ ও ২৪ ডিসেম্বর।
ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, মনিশ পান্ডে, দিনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডে, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চেহেল, কুলদীপ যাদব, দীপক হুদা, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, বাসিল থাম্পি, জয়দেব উনাদকাট।
ইত্তেফাক/কেআই