জাতীয় টাস্কফোর্স গঠনের মাধ্যমে মাদক সমস্যা নিরসনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থার (মানস) আয়োজনে ‘রোহিঙ্গা সমস্যা ও মাদকাসক্তি : বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, সুস্থ সমাজ গঠন করতে হলে জাতীয় টাস্কফোর্স গঠন করতে হবে। দেশের সকল স্তরের জনগণের অংশগ্রহণে কঠোর আন্দোলন নিশ্চিত করা হলে মাদকব্যবসায়ী ও গডফাদারদের সমূলে নির্মূল করা যেতে পারে। পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর শূন্য সহিষ্ণু নীতি গ্রহণ করে কঠোর হাতে এই সমস্যা নিরসন করতে হবে।
মাদক ও সাম্প্রদায়িকতা একই ধরনের আসক্তি। এ দুটো সমাজে অস্থিরতা সৃষ্টি করে এ কথা উল্লেখ করে তিনি বলেন, যারা মাদক ও সাম্প্রদায়িকতায় জড়িয়ে যায় তারা কাণ্ডজ্ঞানহীন। এরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিতে নানা ধরনের অপরাধ করে থাকে। মাদক ব্যবসায়ীদের সনাক্ত করে তাদের আইনের আওতায় এনে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তবেই দ্রুত এই সমস্যা দূর করা যাবে। বাসস
ইত্তেফাক/কেকে