দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কম্বোডিয়ায় তিনদিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের আমন্ত্রণে তিনি সফর করেন। প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি মঙ্গলবার বিকাল ৪টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। এর আগে স্থানীয় সময় দুপুর পৌনে ২টায় প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি নমপেন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়। 
 
নমপেন বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিদায় জানান, কম্বোডিয়ার মহিলা বিষয়ক মন্ত্রী ইং কানথা ফাভি, দেশটির আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক আন্ডার সেক্রেটারি অব স্টেট ইট সোফিয়া, কম্বোডিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতের সমবর্তী দায়িত্বপ্রাপ্ত সাঈদা মুনা তাসনিম এবং বাংলাদেশে নিযুক্ত কম্বোডিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত পিচকুন পানহা।
 
প্রধানমন্ত্রীর কম্বোডিয়া সফরকালে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে এবং পর্যটন, কৃষি, বেসামরিক বিমান, আইসিটি ও কারিগরি শিক্ষার মতো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিতে কম্বোডিয়া ও বাংলাদেশের মধ্যে একটি চুক্তি এবং ৯টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। শেখ হাসিনা কম্বোডিয়ার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন। তিনি কম্বোডিয়ার রাজা নরদোম সিহামনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ দান করেন। তিনি কম্বোডিয়া চেম্বারের বাণিজ্য আলোচনায় যোগ দেন এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী দেয়া একটি সরকারি ভোজ সভায়ও যোগ দেন।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নমপেনে কম্বোডিয়ার স্বাধীনতা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তিনি কম্বোডিয়ার প্রয়াত রাজা নরদোম সিহানুকের রাজকীয় স্মৃতি প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী এবং কম্বোডিয়ার রয়েল পার্টি ফানসিনপেকের প্রেসিডেন্ট নরদোম রনরিধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর হোটেল স্যুটে সৌজন্য সাক্ষাত্ করেন। 
 
ইত্তেফাক/এমআই