সবুজবাগে জেএমবি সদস্য গ্রেফতার

রাজধানীর সবুজবাগ এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি)’র এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট এক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ওই জঙ্গির নাম নূর আজম সিদ্দিক ওরফে ইয়াছির (৩৮)। তার কাছ থেকে ল্যাপটপ, একটি মোবাইল ফোন ও ধর্মীয় উগ্রপন্থী লিফলেট উদ্ধার করা হয়েছে।
 
পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাউন্টার টেররিজম ইউনিটের একটি দল ভোর সাড়ে চারটার দিকে সবুজবাগের বাসাবো বালুরমাঠ এলাকায় অভিযান চালায়। সেখান থেকে ইয়াছিরকে গ্রেফতার করা হয়। 
 
এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াছির জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। সে সবুজবাগ এলাকায় গোপনে জেএমবি’র সদস্য সংগ্রহ ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছিল। তার টার্গেট ছিল সংগঠিত হয়ে সারাদেশে বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালানো। 
 
উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান আরও জানান, গ্রেফতারকৃত ইয়াছির সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য সংগঠনের সদস্যদের প্রশিক্ষণ, অর্থ সংগ্রহ, সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্ররোচিত করার জন্য পরিকল্পনা করে আসছিল। তার বিরুদ্ধে সবুজবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে। 
 
ইত্তেফাক/এমআই