বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিবেদন

‘নভেম্বরে ১০৭টি ধর্ষণের ঘটনাসহ ৪২৭টি নারী নির্যাতন’

বাংলাদেশ মহিলা পরিষদের প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, নভেম্বর মাসে দেশে ১০৭টি ধর্ষণসহ ৪২৭টি নারী নির্যাতনের ঘটনা ঘটে। পরিষদের সাধারণ সম্পাদক ডা. মালেকা বানু কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৪টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে ২০১৭ সালের নভেম্বর মাসের প্রতিবেদন প্রকাশ করেন।
 
প্রতিবেদনে দেখা যায়, এ সময় ধর্ষণের ঘটনা ঘটেছে মোট ১০৭টি। এর মধ্যে গণধর্ষণের শিকার হয়েছে ১৩ জন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ২ জনকে। এছাড়া ধর্ষণের চেষ্টা করা হয়েছে ১১ জনকে। শ্লীলতাহানির শিকার হয়েছে ৪ জন। যৌন নিপীড়নের শিকার হয়েছে ৩ জন। এসিড দগ্ধের শিকার হয়েছে ২ জন। এর মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে। অগ্নিদগ্ধের শিকার ৮জন, এর মধ্যে অগ্নিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে ৩ জনের। অপহরণের ঘটনা ঘটেছে ২৩টি। গত নভেম্বর মাসে বিভিন্ন কারণে ৪২ জন নারী ও কন্যাশিশুকে হত্যা করা হয়েছে। এছাড়া হত্যার চেষ্টা করা হয়েছে ৪ জনকে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ২১ জন, এরমধ্যে হত্যা করা হয়েছে ৯ জনকে। উত্ত্যক্তের শিকার ১৭ জন নারী ও কন্যা শিশু, এরমধ্যে উত্ত্যক্তের কারণে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে ৪ জন। অন্যান্য কারণে ৪৯ জন আত্মহত্যা করতে বাধ্য হয়েছে এবং ২৯ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। এছাড়া ৬০টি ব্যাল্যবিবাহের চেষ্টা প্রতিরোধ করা হয়েছে এবং বাল্যবিবাহের শিকার হয়েছে ৪ জন। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ১৫ জন। বে-আইনি ফতোয়ার ঘটনা ঘটেছে ৩টি। এছাড়া অন্যান্যরা নানাভাবে নারী নির্যাতনের শিকার হয়েছে। 
 
ইত্তেফাক/এমআই