ঘুমের ট্যাবলেট বিক্রি না করায় ফার্মেসীতে হামলা

ডাক্তারি ব্যবস্থাপত্র ছাড়া স্কয়ার কোম্পানীর সিডিল নামের ৪০টি ঘুমের ওষুধ বিক্রি না করায় ফার্মেসিসহ ফার্মেসি মালিকের ওপর হামলা চালিয়েছে সুলতান মাহমুদ (৩০) নামের এক বখাটে। স্থানীয়রা সুলতানকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোর্পদ করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে গৌরনদী উপজেলার বিল্বগ্রাম বাজারে।

ওই বাজারের আসমা মেডিকেল হলের মালিক মশিউর রহমান ঝন্টু জানান, নরসিংহলপট্টি গ্রামের জহিরুল ইসলামের পুত্র সুলতান মাহমুদ দুপুরে তার দোকানে এসে ডাক্তারি ব্যবস্থাপত্র ছাড়াই স্কয়ার কোম্পানীর সিডিল নামের ৪০টি ঘুমের ওষুধ ক্রয় করতে চায়। এ সময় ডাক্তারি ব্যবস্থাপত্র ছাড়া ঘুমের ওষুধ বিক্রি করা যাবে না বললে সুলতান ক্ষিপ্ত হয়ে ফার্মেসীসহ তার (ঝন্টু) ওপর হামলা চালায়।

এ সময় বাজারের অন্য ব্যবসায়ীরা এগিয়ে এসে হামলাকারী সুলতান মাহমুদকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করে।

ইত্তেফাক/নূহু