জুরাছড়িতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিহত

রাঙ্গামাটির জুরাছড়িতে দুর্বৃত্তের গুলিতে উপজেলা যুবলীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অরবিন্দু চাকমা নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।

জুরাছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাসেত জানান, উপজেলা সদরে আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে তিনি নিজ বাড়ি ফেরার পথে মিতিঙ্গাছড়ি বাজারে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার ওপর গুলি বর্ষণ করে। ঘটনাস্থলে তিনি মারা যান। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এই ঘটনার প্রতিবাদে জুরাছড়ি উপজেলায় ছাত্রলীগ আগামীকাল বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।

উল্লেখ্য, রাঙ্গামাটির নানিয়ারচরে দুর্বৃত্তের গুলিতে একজন ইউপি সদস্য নিহত হওয়ার ১০ ঘন্টার মাথায় রাঙ্গামাটির অপর উপজেলা জুরাছড়িতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো।

এদিকে রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার এই ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি এ হত্যাকাণ্ডের জন্য পাহাড়ের আঞ্চলিক দলগুলোকে দায়ী করে দোষীদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন।

ইত্তেফাক/নূহু