হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মাজারে জেপির পুষ্পার্ঘ্য অর্পণ

জাতীয় পার্টি জেপি’র সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম মরহুম হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে বিনম্র শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেছেন যে, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সম্ভবত সবচাইতে বড় সাফল্য জাতির জনক বঙ্গবন্ধুর মতো নেতাকে আমাদের উপহার দেওয়া। কারণ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর যোগ্যতম শিষ্য হিসেবে বঙ্গবন্ধুর নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র রূপে আত্মপ্রকাশ করেছে।

 

হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিনি গতকাল সকালে মরহুম নেতার মাজারে সমবেত জেপির নেতা ও কর্মীদের উদ্দেশে এ কথা বলেন। তিনি আরো বলেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন এবং পদের মোহ অথবা কারাবরণের ভয়ে ভীত হয়ে তিনি কখনো নীতির সঙ্গে আপস করেননি। এর আগে জাতীয় পার্টি জেপির নেতা ও কর্মীরা হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত মরহুম নেতার মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ করেন।

 

এ সময় জেপির সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন জেপির প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, সহ-সাধারণ সম্পাদক অ্যাড. এনামুল ইসলাম রুবেল, যুগ্ম প্রচার সম্পাদক মঞ্জুর হাবিব মঞ্জু, যুগ্ম দপ্তর সম্পাদক জীবন কৃষ্ণ বৈরাগী প্রমুখ।

ইত্তেফাক/নূহু