ঢাকা ডায়নামাইটসের কাছে হেরে বিপিএলের পঞ্চম আসরের লিগ পর্ব শুরু করেছিল খুলনা টাইটান্স। গতকাল লিগ পর্বের শেষটা অবশ্য জয় দিয়েই করেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এদিন পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১৪ রানে হারিয়েছে খুলনা।
এই জয়ে দ্বিতীয় স্থানে থেকে প্লে-অফ খেলার আশা জিইয়ে রেখেছে খুলনা। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ১৫। আজ ঢাকা ডায়নামাইটস-রংপুর রাইডার্স ম্যাচের রেজাল্টের অপেক্ষায় থাকতে হচ্ছে খুলনাকে। ঢাকা জিতলেই তৃতীয় স্থানে চলে যাবে মাহমুদউল্লাহর দল। সে ক্ষেত্রে তাদের খেলতে হবে এলিমিনেটর। আর আজ রংপুরের জয় দ্বিতীয় স্থানে সংহত করবে খুলনার অবস্থান।
গতকাল প্রথমে ব্যাট করে ছয় উইকেটে ১৭৪ রান তুলেছে খুলনা। জবাবে সাত উইকেটে ১৬০ রানের বেশি যেতে পারেনি কুমিল্লা। ২১ বলে ৩৫ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হন খুলনার আরিফুল হক।
ইত্তেফাক/কেআই