গোপালগঞ্জ জেলাকে ছানি মুক্ত করতে আই ক্যাম্প

 
গোপালগঞ্জ জেলাকে ছানি জনিত অন্ধত্ব মোচনের লক্ষ্যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের উদ্যোগে ফ্রি মেগা আই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
 
আজ বুধবার জলিপাড় কেলগ মুখার্জী সেমিনারিতে আয়োজিত এ চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন আয়োজক প্রতিষ্ঠানের পরিচালক ডা. সাইফুদ্দিন আহমেদ। গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় ও মুকসুদপুর উপজেলার জলিপাড় ইউনিয়নের ৩ শতাধিক রোগীকে এ ক্যাম্প থেকে চোখের চিকিৎসা ও বিনা মূল্যে ওষুধ প্রদান করা হয়। ক্যাম্প থেকে ছানিতে আক্রান্ত ২০ জন রোগীকে বাছাই করা হয়। পরে ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল নিয়ে তাদের  চোখের ছানি অপারেশন করা হয়।
 
আয়োজক প্রতিষ্ঠানের পরিচালক ডা. সাইফুদ্দিন আহমেদ বলেন, 'প্রধানমন্ত্রীর নির্দেশে গোপালগঞ্জ জেলাকে ছানি জনিত অন্ধত্ব মুক্ত করতে আমরা প্রতি সপ্তাহে নিয়মিত প্রত্যন্ত অঞ্চলে ফ্রি ক্যাম্প করছি। এ ক্যাম্প থেকে রোগীদের চক্ষু রোগের সেবা ও ওষুধ প্রদান করছি। পাশাপাশি ছানি রোগী বাছাই করে তাদের হাসপাতালের গাড়ি করে হাসপাতালে এনে ফ্রি অপারেশন করে দিচ্ছি। অচিরেই গোপালগঞ্জ জেলা ছানি জনিত অন্ধত্ব মুক্ত হবে বলে আমি বিশ্বাস করি।'
 
ইত্তেফাক/জামান