নেইমারের পিএসজিকে থামাল বায়ার্ন

চলতি সপ্তাহে লিগ ওয়ানে ১৫ ম্যাচ অপরাজিত থাকার পর স্ট্রাসবুর্গের বিপক্ষে প্রথম হারের স্বাদ পেয়েছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এবার চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপপর্বের শেষ ম্যাচে পরপর দ্বিতীয় ধাক্কা খেল নেইমার-কাভানির দল। হার সত্ত্বেও ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউট পর্বে গেল পিএসজি। সমান ১৫ পয়েন্ট নিয়েও বায়ার্ন মিউনিখ ‘বি’ গ্রুপে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয় দল হিসেবে গেছে শেষ ষোলোতে।
 
বায়ার্নের জয়ের নায়ক ফরাসি মিডফিল্ডার কোরেন্টিন টোলিসো। মঙ্গলবার রাতে অ্যালিয়াঞ্জ এরিনায় এই ম্যাচে বায়ার্ন জয় পেয়েছে ৩-১ গোলে। বায়ার্নের পক্ষে অপর গোলটি করেন রবার্ট লেভানডোস্কি। আর পিএসজির পক্ষে একটি গোল শোধ করেন ফরাসি সেনসেশন কিলিয়ান এমবাপে।
 
দুই দলের মধ্যে গ্রুপপর্বে প্রথম লেগের খেলায় বায়ার্ন ৩-০ গোলে হেরেছিল। যে কারণে চাকরি হারাতে হয়েছিল কোচ কার্লো আনচেলত্তিকে। তাই দ্বিতীয় লেগে পরীক্ষাটা বেশ কঠিনই ছিল নতুন কোচ ইয়ূপ হেইঙ্কেসের জন্য। সেই পরীক্ষায় ভালভাবেই উত্তীর্ণ হন তিনি। তাই ম্যাচশেষে স্বাভাবিকভাবেই খুশি হেইঙ্কেস। তিনি বলেন, এই খেলায় প্রমাণিত হয়েছে আমরা ক্রমেই ভাল করছি। নিজেদের উপর যা আমাদের আরও আস্থা বাড়াবে।
 
ইত্তেফাক/কেআই