কাউখালীতে জাহাজের ধাক্কায় বেকুটিয়া ফেরির একাংশ ডুবে গেছে

 
পিরোজপুরের কঁচা নদীতে জাহাজের ধাক্কায় একটি ফেরীর একাংশ ডুবে গেছে। এ সময় ফেরিতে থাকা একটি বাস ও তিনটি ট্রাক নদীতে ডুবে গেছে। মঙ্গলবার রাত একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।
 
পিরোজপুর সড়ক বিভাগের উপ-সহকারী ও ফেরির দায়িত্বে থাকা আ. হামিদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ সময় জাহাজে কোনো বাতি ছিলনা।
 
কাউখালী থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, ফেরিটি কঁচানদীর মাঝ বরাবর গেলে বাগেরহাটের দিক থেকে আসা একটি লাইটারেজ জাহাজ রাত একটার দিকে ফেরীটিকে ধাক্কা দেয়। এতে ফেরীর একটি ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় ফেরিতে থাকা অন্য ইঞ্জিন দিয়ে ফেরিটি চালিয়ে তা পূর্ব উত্তর কিনারে থাকা বেকুটিয়া এলাকার চরে উঠিয়ে দেয়।
 
ওসি জানান, ফেরিতে ট্রাকে ৫০টির মতো গরু ছিল, তা উদ্ধার করে কিনারে আনা হয়েছে। এছাড়া ট্রাকে থাকা গ্যাসের পাঁচ শতাধিক সিলিন্ডার উদ্ধার করা হয়েছে।
 
কাউখালী দমকল বিভাগের ইনচার্জ আবুবক্কর সিদ্দিক জানান, জাহাজের ধাক্কায় ফেরির একাংশ ফেটে পানি ঢুকেছে। চালক দ্রুত গতিতে ফেরিটি চালিয়ে নিয়ে চরে উঠিয়ে দেয়। এ কারণে বড় দুর্ঘটনার হাত থেকে ফেরীর যাত্রীরা রক্ষা পেয়েছে।
 
কাউখালী থানার ওসি মনিরুজ্জামান জানান, ফেরীকে ধাক্কা দেয়া লাইটারেজ জাহাজটি পালিয়ে গেছে। সেটিকে আটকের চেষ্টা চলছে।
 
পিরোজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকীেশলী মো. নজরুল ইসলাম জানান, ক্রেন দিয়ে ফেরীতে থাকা ট্রাকগুলো উদ্ধার কাজ চলছে।
 
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পিরোজপুরের জেলা প্রশাসক খায়রুল আলম শেখ, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির এবং কাউখালী উপজেলা নিবার্হী কর্মকাতা ইসরাত জাহান।
 
ইত্তেফাক/এএম। 
 

ইত্তেফাক/এএম।