দেশের প্রথম বেসরকারি অনুষ্ঠান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশনকে ‘ইউটিউব ক্রিয়েটর রিওয়ার্ডস’ প্রদান করে সম্মানিত করেছে। উল্লেখ্য, দর্শকদের ভিডিও দেখার জনপ্রিয় এই ওয়েবসাইট ইউটিউব কর্তৃপক্ষ যেসব চ্যানেলের সাবস্ক্রাইবার ১ লাখ অতিক্রম করে তাদেরকেই এই সম্মাননার জন্য মনোনীত করেন। গত ০৩ জুলাই ফাগুন অডিও ভিশনের সাবস্ক্রাইবার সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে এবং বর্তমানে এই চ্যানেলের গ্রাহক সংখ্যা পৌনে ২ লাখেরও বেশি।
ফাগুন অডিও ভিশনের এই অর্জন সম্পর্কে এর কর্ণধার গণমাধ্যম ব্যক্তিত্ব হানিফ সংকেত বলেন, ‘আমরা সবসময়ই দর্শকদেরকে প্রাধান্য দিয়েছি। দর্শকরা সবসময়ই আমাদের সঙ্গে ছিলেন, আছেন এবং আমাদের বিশ্বাস ভবিষ্যতেও থাকবেন। দর্শকদের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতার কারণে অনেক চ্যানেলের ভিড়ে এখনও ফাগুন অডিও ভিশনের অনুষ্ঠান দর্শক পছন্দের শীর্ষে রয়েছে। তাই আমাদের এই পুরস্কারটি দর্শকদের উদ্দেশ্যেই উৎসর্গ করলাম।’
উল্লেখ্য, ফাগুন অডিও ভিশন দেশের প্রথম প্যাকেজ অনুষ্ঠান নির্মাতা প্রতিষ্ঠান। নন্দিত এই প্রতিষ্ঠানটি আশির দশক থেকে টেলিভিশনের জন্য মানসম্পন্ন অনুষ্ঠান নির্মাণ করে আসছে।
দৈনিক ইত্তেফাক/আনিসুর