সিএসকে মস্কোকে হারিয়ে গ্রুপসেরা হিসেবেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউটপর্বে পৌঁছেছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে মঙ্গলবার রাতে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে সিএসকে মস্কোর বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলে জিতেছে ইউনাইটেড।
এই জয়ে ছয় ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয় ম্যানইউ। বেনফিকার মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফেরা এফসি বাসেল ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে নকআউট পর্বে ওঠেছে।
IMG0
খেলার ৪৫ মিনিটে অ্যালান দজাগোয়েভের গোলে পিছিয়ে পড়া ম্যানইউ দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায়। ৬৪ মিনিটে পল পগবার লম্বা করে বাড়ানো বল থেকে প্লেসিং শট প্রতিপক্ষের জালে পাঠিয়ে ম্যানইউকে সমতায় ফেরান রোমেলু লুকাকু।
দুই মিনিটের মধ্যে হুয়ান মাতার দেয়া বলে মার্কস রাশফোর্ডের কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন ইংলিশ এই ফরোয়ার্ড। এই গোলেই গ্রুপে পঞ্চম জয় নিশ্চিত হয় হোসে মরিনহোর শিষ্যদের।
ইত্তেফাক/কেআই