৭ মার্চের ভাষণের স্বীকৃতি বিএনপিকে চপেটাঘাত: খালিদ

 
৭ মার্চের ভাষণের স্বীকৃতির মাধ্যমে ইতিহাস বিকৃতিকারী বিএনপিকে চপেটাঘাত করা হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। 
 
তিনি বলেন, ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে জাতির পিতার ভাষণকে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে; অথচ বিএনপি এ ভাষণকে এক সময় নিষিদ্ধ করেছিল। এবার এ ভাষণের বৈশ্বিক স্বীকৃতির মাধ্যমে বিএনপির গালে চপেটাঘাত দিল জাতিসংঘ। বুধবার দিনাজপুরের বোচাগঞ্জে হানাদার মুক্ত দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
 
খালিদ মাহমুদ বলেন, ৭ মার্চের ভাষণটি যেমন বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র তেমনি এ ভাষণটি বিশ্বের অধিকার হারা নিপীড়িত মানুষের অধিকার আদায়ের দলিল। আর সেই ভাষণকে বিএনপি নিষিদ্ধ করেছিল। আজকে আমাদের সেই লজ্জা দূর হয়েছে। মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী হয়েছেন শেখ হাসিনা।
 
তরুণ প্রজন্মের উদ্দেশ্যে খালিদ বলেন, যারা বিকৃত ইতিহাস পড়েছে তাদের কোন দোষ নেই। অপরাধী সেসব খলনায়করা, যারা পঁচাত্তর পরবর্তী সময়ে দেশের ইতিহাসকে বিকৃত করে জাতিকে লজ্জিত করেছেন।
 
তিনি আরো বলেন, ৭ মার্চের ভাষণের মর্মার্থ হচ্ছে, স্বাধীনতা আর স্বাধীনতা। এই স্বীকৃতির মাধ্যমে বঙ্গবন্ধু বাংলাদেশকে আরেকবার বিশ্ব দরবারে সম্মানিত করলেন। বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলে আবারো দেশের ইতিহাসকে বিকৃত করে জাতিকে কলঙ্কিত করবে।
 
মুক্তিযোদ্ধা জাফরউল্লাহর সভাপতিত্বে সভায় স্থানীয় প্রশাসন ও আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। 
 
 
ইত্তেফাক/ইউবি