রাজধানীর শ্যামপুর থানার জুরাইন এলাকা থেকে ১টি রিভলভার ও ৪ রাউন্ড গুলিসহ একজনকে গ্রেফতার করেছে এপিবিএন-১ এর একটি দল। বুধবার গ্রেফতার হওয়া ব্যক্তির নাম ইমাম হোসেন ইমন (৩৩)।
ইমনের বিরুদ্ধে চুরি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্য কলাপের অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানা যায়। আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক(পুলিশ সুপার) খোঃ ফরিদুল ইসলাম এর সার্বিক দিক নির্দেশনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব ইমরান আসহাব ও সহকারী পুলিশ সুপার জনাব জিসানুল হক অভিযানটি পরিচালনা করেন।
খোঃ ফরিদুল ইসলাম বলেন এ ধরণের বিশেষ অভিযানে এপিবিএন-১ কর্তৃক পরিচালিত হয়ে আসছে এবং অস্ত্র, মাদক ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে আর্মড পুলিশ ব্যাটালিয়নের অবস্থান অত্যন্ত কঠোর। তিনি আরো জানান যে, এপিবিএন-১ এর পক্ষ থেকে অস্ত্র, মাদক ও ভেজাল খাদ্যর বিরুদ্ধে অভিযান ও বিশেষ অভিযান চলমান থাকবে বলেও পুলিশের এই কর্মকর্তা জানান।
ইত্তেফাক/সাব্বির