নাগরিক সম্মেলনে বক্তাদের অভিমত

‌‌'সুশাসন নিশ্চিত না হলে এসডিজি বাস্তবায়ন হবেনা'

এসডিজি বাস্তবায়নে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা জরুরি। অর্থনৈতিক অগ্রগতি ও সামাজিক মুক্তির জন্য সকল শ্রেণি-পেশার মানুষকে মূলধারায় আনাতে হবে। এছাড়া এসডিজি বাস্তবায়নে বেসরকারি খাতকে উপেক্ষা করাও সম্ভব নয়। আর সবচেয়ে বড় কথা সুশাসন নিশ্চিত না হলে এসডিজি বাস্তবায়ন সম্ভব হবে না। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে নাগরিক সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।
 
সম্মেলনে এমিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, দেশে যেন সুশাসন প্রতিষ্ঠিত হয় সেজন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তি পরস্পর হাত রেখে এগিয়ে যেতে হবে। মানুষের মর্যাদা যেন প্রত্যেক মানুষ পায় তা নিশ্চিত করতে হবে।
 
মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, এসডিজির মাধ্যমে সবাইকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ এসেছে। কাউকে পেছনে রাখা যাবে না। এসডিজির মাধ্যমে আমরা যে প্রতিজ্ঞা করেছি, তার মাধ্যমে প্রতিটি নাগরিকের জীবনে একটা পরিবর্তন নিয়ে আসা যাবে। ফলে প্রত্যেক মানুষের জীবন সাফল্যের সঙ্গে সামনের দিকে এগিয়ে যেতে পারে।
 
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অর্থনীতিবিদ রেহমান সোবহান, রাশেদা কে. চৌধুরী, অধ্যাপক মোস্তাফিজুর রহমান ও আসিফ ইব্রাহীম। দিনব্যাপী সম্মেলনে চারটি ইস্যুতে পৃথক সেশন অনুষ্ঠিত হচ্ছে। এগুলো হলো, অর্থনৈতিক, সামাজিক, জলবায়ু ও পরিবেশ প্রসঙ্গ এবং সুশাসন। বাংলাদেশে রূপান্তরমুখী অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন অন্বেষণে: তাদেরকে পেছনে রাখা যাবে না শীর্ষক গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক ও সিপিডির ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সমাপনী বক্তব্যের মাধ্যমে সম্মেলন শেষ হবে।
 
সমাপনী অনুষ্ঠানে ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে বক্তব্য রাখেন পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল আলম, সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সিপিডির ট্রাস্টি বোর্ডের সদস্য খুশি কবির, টিআইবির নির্বাহি পরিচালক ড. ইফতেখারুজ্জামান, মেট্রোপলিটন চেম্বারের সাবেক সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, চ্যানেল আইয়ের সিইও শাইখ সিরাজ এবং চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজাসহ আরও অনেকে।
 
ইত্তেফাক/এমআই