টেস্টে এখন ওয়ানডের মতো ব্যাট করছি : কোহলি

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে তাঁর ধারাবাহিকতা যেমন ক্রিকেট দুনিয়ায় বিস্ময় সৃষ্টি করেছে, ঠিক তেমনই আলোচনায় উঠে এসেছে বিরাট কোহলির স্ট্রাইক রেটও। স্লো উইকেটেও আশির ওপর স্ট্রাইক রেট রেখে খেলে গিয়েছেন তিনি। বুধবার সিরিজের শেষ টেস্ট হয়ে যাওয়ার পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে কোহালি বলেন, ‘আমি যেভাবে ওয়ানডেতে ব্যাট করি, টেস্টেও এখন সেভাবেই ব্যাট করছি।’
 
কোহলি নিজেই স্বীকার করে নিচ্ছেন, তিনি যে টেস্টে এত দ্রুতগতিতে রান তুলতে পারবেন, সেটা তাঁর নিজেরও জানা ছিল না। ভারত অধিনায়ক বলেন, ‘আমি ভালই বলগুলো মারছিলাম। টাইমিং ভাল হচ্ছিল। তবে ওয়ানডেতে যেভাবে খেলি বা বল মারতে পারি, সেটা যে টেস্টেও মারতে পারব, এই ব্যাপারটা আমার ঠিক জানা ছিল না। টেস্টে এভাবে ব্যাট করা নিয়ে আগে আমি একটু দ্বিধাগ্রস্ত ছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে, টেস্টেও আমি ওরকমভাবে খেলতে পারি।’
 
এর পরই কোহলির ব্যাখ্যা, ‘এখন কোনও খেলার আর নির্দিষ্ট কোনও পরিমাপ থাকে না। আপনি যদি নিজের ওপর বিশ্বাস রাখতে পারেন, তাহলে যে কোনও ফরম্যাটে যে কোনও ধরনের খেলা খেলতে পারেন।’
 
ইত্তেফাক/কেআই