সারা রাত ধরে সিনেমা দেখার জন্য স্ত্রীকে হত্যা করেছে স্বামী। বুধবার রাতে ঝগড়ার পর ৩২ বছরের চেতন ছোগুলে ২২ বছরের স্ত্রীর গলায় দড়ি দিয়ে শ্বাসরোধ করে খুন করে। স্ত্রীকে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করে ছোগুলে। মুম্বাইয়ের আন্ধেরিতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, রাত জেগে সিনেমা দেখা নিয়ে মাঝে মধ্যেই স্বামীর সঙ্গে স্ত্রীর ঝগড়া হতো। এই ঘটনার জের ধরেই স্ত্রীকে খুন করে চেতন ছোগুলে। ঘটনার সময় একই ঘরে ঘুমোচ্ছিল তাদের ২ বছরের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে চেতন জানিয়েছে, বুধবারও সিনেমা দেখা নিয়ে দু’জনের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। শব্দের কারণে ঘুমোতে না পরায় চেতন তার স্ত্রীকে সিনেমা দেখা বন্ধ করতে বলে। কিন্তু চেতনের স্ত্রী তা বন্ধ করতে অস্বীকার করে। কিছুক্ষণ পর তার চেতন ঘুমিয়ে পড়ে। কিন্তু ভোর চারটে নাগাদ তার ঘুম ভেঙে যায় এবং দেখে তখনও তার স্ত্রী ইউটিউবে সিনেমা দেখছে। এরপরই চেতন ক্ষেপে গিয়ে নাইলনের দড়ি নিয়ে আসে এবং স্ত্রীর গলায় চেপে ধরে। স্ত্রী মারা যাওয়ার পর সে তার ভুল বুঝতে পারে এবং পুলিশের কাছে নিজেকে আত্মসমর্পণ করে।
আরো পড়ুন: ইভিএম তুলে আছাড় মারলেন প্রার্থী
চেতন জানায়, সে ওই মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেনি। কিন্তু যখন সে তার ভুল বুঝতে পারে, ততক্ষণে তার স্ত্রী মারা গিয়েছে। ওই ঘটনার সময় শিশুটি ঘটনাস্থলেই ছিল। চেতনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ