ইউএনওর বাসাসহ পাঁচস্থানে বোমা হামলা

গৌরীপুরে হামলাকারীদের গ্রেফতার দাবিতে যুবলীগের বিক্ষোভ

 
গৌরীপুরে ইউএনওর বাসাসহ পাঁচস্থানে পেট্রোলবোমা হামলাকারীদের গ্রেফতার, স্থগিতকৃত যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনের নতুন তারিখ ঘোষণা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা যুবলীগের একাংশ। 
 
 
উপজেলা যুবলীগের সভাপতি মো. সানাউল হকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাবেক সদস্য মো. কামাল হোসেন, পৌর কাউন্সিলর মোফাজ্জল হোসেন ও আব্দুল কাদির, উপজেলা যুবলীগের সহসভাপতি তপন সাহা, আবুল ফজল মুহাম্মদ আজাদ হীরা, রুকুনুজ্জামান রুকন, যুবলীগ নেতা মো. শামছুল হক, মো. উজ্জল মিয়া, হারুন অর রশিদ, নুরুজ্জামান মদন, সাধন মল্লিক, আনিছুল হক আঞ্জু, মো. সোহেল রানা, আব্দুল আজিজ চৌধুরী, মোস্তাফিজুর রহমান, শহিদুল ইসলাম, আব্দুস সাত্তার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মিজানুর রহমান প্রমুখ।
 
দলীয় সূত্রে জানা গেছে, ১৪ বছর পর ৩০ নভেম্বর ভোররাতে উপজেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে বঙ্গবন্ধু চত্বরে সম্মেলন মঞ্চে আগুন ও ইউএনওর সরকারি বাসাসহ পাঁচটিস্থানে পেট্রোলবোমা হামলার ঘটনায় যুবলীগের সম্মেলন স্থগিত হয়ে যায়। এর পরে যুবলীগের একাংশের নেতাকর্মীরা সম্মেলন স্থগিত হওয়ার জন্য স্থানীয় সংসদ সদস্য নাজিম উদ্দিনকে দায়ী করে তার কুশপুতুল দাহ ও ছবি ভাঙচুর করে বিক্ষোভ করে। এ ঘটনায় তার ব্যক্তিগত সহকারী কামরুজ্জামান কাওসার বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা দায়ের করেন। অপরিদকে পেট্রোলবোমা হামলার ঘটনায় ইউএনওর কার্যালয়ের নিরাপত্তা প্রহরী রফিকুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।
 
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ আশিকুর রহমান বলেন, পেট্রোলবোমা হামলার ঘটনায় গ্রেফতার হওয়া আশরাফুল আলম (২৫), মো. আলম (২০) ও রনি (২০) রিমান্ড জিজ্ঞাসাবাদে বোমা বিস্ফোরণের বিষয়টি স্বীকার করেছে। তাদেরকে কারাগার প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি