কাশিয়ানীতে সাবেক পাঁচ ব্যাংক কর্মকর্তার নামে টাকা আত্মসাতের মামলা

 
কাশিয়ানীতে সোনালী ব্যাংকের প্রায় আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগে অবসরপ্রাপ্ত তিন ম্যানেজারসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। 
 
বুধবার সন্ধ্যায় উপজেলার ভাটিয়াপাড়া সোনালী ব্যাংকের বর্তমান শাখা ব্যাবস্থাপক এসপিও মো. মোসলেম মোল্লা সোনালী ব্যাংকের পক্ষে বাদী হয়ে সাবেক পাঁচ কর্মকর্তাকে আসামি করে কাশিয়ানী থানায় এ মামলা করেন। 
 
আসামিরা হলেন- সোনালী ব্যাংক ভাটিয়াপাড়ার সাবেক ম্যানেজার শেখ ফেরদাউস আলম মনা, এসএম জাহাঙ্গীর আলম, মো. জাহাঙ্গীর সরদার, সিনিয়ার অফিসার সন্তোষ কুমার মৈত্র এবং অফিসার আকতার হোসেন।
 
মামলার বিবরণে জানা গেছে, অভিযুক্ত ঐ ব্যাংক কর্মকর্তারা দায়িত্বে থাকাকালীন বিভিন্ন সময়ে উপজেলার ভাটিয়াপাড়া এলাকার কামাল মৃধা, আনোয়ার হোসেন মৃধা, বরফ মৃধা, সানোয়ার হোসেন মৃধা ওকবির মুন্সিসহ ১হাজার ৩০২জন গ্রহীতার নাম ব্যাবহার করে একাধিকবার লোন পাশ, নির্ধারিত সীমানার বাইরে অনিয়মে একাধিক লোন প্রদান ও ভুয়া স্বাক্ষর দিয়ে দুই কোটি ৫৫ লাখ ৭৫০০টাকা উত্তোলন করেছেন।  
 
এব্যাপারে ২৮ নভেম্বর সোনালী ব্যাংকের ঊধ্বর্তন কর্মকর্তারা অডিট করে যে প্রতিবেদন দাখিল করেছেন এতে অনেক লোন গ্রহীতার আবেদন ফর্মে কোন স্বাক্ষর নাই বলে দেখা গেছে। 
 
কাশিয়ানী থানার ওসি একেএম আলী নূর হোসেন জানান, মামলা করা হয়েছে এবং তা তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি