ঢাকার ধামরাই উপজেলার কালামপুর গরু-ছাগলের হাটে গরু ব্যবসায়ীদের মধ্যে মারামারির ঘটনায় আবুল কালাম (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
নিহত গরু ব্যবসায়ী আবুল কালাম ধামরাই উপজেলার বাটুলিয়া গ্রামের মুন্নাফ মিয়ার ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন গরু ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- মো. চাঁন আলী (৭০), মো. আপেল (৫২), সোনামুদ্দিন (৭৭)।
বিভিন্ন সূত্রে জানা যায়, হাটে গুরু রাখাকে কেন্দ্র করে গরুর বেপারী আবুল কালামের সাথে সিংগাইরের এক গরুর বেপারীর সাথে কথা কাটাকাটি হয়। তারপর হাতাহাতি বাধে। মারামারির একপর্যায়ে আবুল কালাম মাটিতে লুটিয়ে পড়ে এবং মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কালামের লাশ উদ্ধার করে এবং ১০টি গরুসহ দুইটি ট্রাক জব্দ ও তিন গরু ব্যবসায়ীকে আটক করে। আবুল কালামের মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত কোন মামলা হয়নি বলে জানান- ধামরাই থানার ডিউটি অফিসার এস.আই. আব্দুল মান্নান।
ইত্তেফাক/জামান