দারিদ্র্য বিমোচন ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : পলক

 
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, তথ্যপ্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে সরকার ২০২১ সালের মধ্যে দারিদ্র্য বিমোচন, সুশাসন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 
 
শুক্রবার ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭ মেলা প্রাঙ্গন, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের উইন্ডি টাউনে ‘ডিজিটাল বাংলাদেশের জন্য ই-গভর্নমেন্ট মাস্টার প্ল্যান প্রণয়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
 
সেমিনারে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত অন সিওং ডু। সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর নির্বাহী পরিচালক স্বপন কুমার সরকার। 
 
জুনাইদ আহমেদ পলক বলেন, 'জাতিসংঘের ই-গভর্নমেন্ট সার্ভে ২০১৬ এ প্রকাশিত হয়েছে। সেখানে ইউকে ১ নম্বর এবং কোরিয়া প্রজাতন্ত্র ৩ নম্বর। রিপোর্ট অনুযায়ী ১৯৩টি দেশের মধ্যে বাংলাদেশ ১২৪তম স্থানে অবস্থান করছে। যদিও মনে হয়- বাংলাদেশ খুব ভাল অবস্থানে নেই তবে আমি মনে করি আমরা এই সেক্টরে উন্নীত করছি।’ 
IMG0
তিনি আরো বলেন, আইসিটি সেক্টরকে আরও সহজতর করার জন্য এবং সরকারের ভিশন ২০২১ বাস্তবায়নের জন্য একটি মাস্টার প্ল্যান প্রণয়নের খুবই দরকার ছিল। ডিজিটাল বাংলাদেশ এর জন্য ই-গভর্নমেন্ট মাস্টার প্ল্যান প্রতিষ্ঠায় সহযোগিতা করার জন্য তিনি কোরিয়া সরকার এবং কোরিয়া ইন্টারন্যাশনাল করপোরেশন এজেন্সিকে (কয়কা) ধন্যবাদ দেন। 
 
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ডিজিটাল বাংলাদেশের জন্য ই-গভর্নমেন্ট মাস্টার প্ল্যান প্রতিষ্ঠায় সহযোগিতা করার জন্য  ‘ডিজিটাল মিউনিসিপালিটি সার্ভিসেস সিস্টেম নামে একটি পাইলট প্রকল্প হাতে নেয়া হয়েছে। যার মধ্যে ১০টি পৌরসভাকে প্রাথমিকভাবে অনলাইনে হোল্ডিং ট্যাক্স, পানির বিল, কাউন্সিলরের প্রশংসাপত্র, স্বয়ংক্রিয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও ই-ট্রেড লাইসেন্স সেবা থাকবে যা আগামীতে সারা দেশের সমস্ত পৌরসভা গুলোতে চালু করার পরিকল্পনা আছে।
 
ইত্তেফাক/ইউবি