অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, আমাদের দেশে জ্বালানি হিসাবে কাঠের ব্যবহার হতো এতোদিন। এখন সেটি বন্ধ হয়ে যাবে। আমরা শ্রীমঙ্গলে যে প্রকল্পটি স্থাপন করলাম তা দিয়ে এখন কাঠের সঠিক ব্যবহার হবে। উন্নতমানের ফার্নিচার হবে।
শুক্রবার দুপুরে শ্রীমঙ্গল সদর উপজেলার ইছবপুরে দেশের প্রথম ‘রাবার কাঠ ট্রিটমেন্ট প্লান্ট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, উন্নত প্রযুক্তির মাধ্যমে কাঠ হবে আরও মূল্যবান সামগ্রী। আমাদের দেশে রাবারের ব্যবহার ছিল না। মানুষ এটাকে জ্বালানী হিসাবে ব্যবহার করতো। সেই রাবার গাছ এখন নতুন প্রযুক্তির ফলে উৎকৃষ্ট কাঠ হিসাবে পরিণত হয়ে গেলো।
নতুন এই প্লান্ট স্থাপনের ফলে জাতীয় অর্থনীতি মজবুত হবে উল্লেখ করে আবুল মাল আবদুল মুহিত বলেন, এতে বেকারত্ব দূর হবে, নতুন কর্মস্থানের সৃষ্টি হবে, দেশে কাঠ আমদানি হ্রাস পাবে।
IMG0
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ও উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ইসতিয়াক আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএফআইডিসির চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মোহাম্মদ আবদুল কাদির এনডিসি।
এর আগে অতিথিরা প্রকল্পস্থলে ফিতা কেটে, বেলুন ও কবুতর উড়িয়ে ট্রিটমেন্ট প্লান্টের ফলক উন্মোচন করেন। এ সময় দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরী, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, জেলা প্রশাসক মো. তোফায়েল আহমদ, পুলিশ সুপার মো. শাহজালাল, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম প্রমুখ।
প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন- নজরুল ইসলাম মুহিব, নূরুল মোহাইমীন মিলটন ও অনুজকান্তি দাশ।
ইত্তেফাক/ইউবি