ফুলবাড়ীয়া উপজেলার কেশরগঞ্জ সড়কের তালতলা নামকস্থানে শুক্রবার সন্ধ্যায় এক পাষণ্ড বাবা তার ৫ বছরের শিশুপুত্রকে গলাকেটে হত্যা করেছেন। ছেলেকে হত্যার পর নিজে গলাকেটে আত্মহত্যার চেষ্টা করেন।
পারিবারিক অশান্তির কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাকু উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, উপজেলার বরুকা গ্রামের হাজী জয়নাল আবেদীনের ছেলে হাবিবুর রহমান (৩৫) পাশ্ববর্তী ইচাইল গ্রামে ৬/৭ বছর আগে বিয়ে করেন। রিয়াদ (৫) নামে শারীরিক প্রতিবন্ধী ছেলে রয়েছে তার। হাবিবুর রহমান জামালপুরে একটি এনজিওতে চাকরি করেন। সেখানে তিনি দ্বিতীয় বিয়ে করেন। এ খবর প্রথম স্ত্রী শোনার পর ২/৩ মাস আগে হাবিবুরকে তালাক দিয়ে বাপের বাড়ি চলে যান।
হাবিবুরের ভগ্নিপতি চান মিয়া জানান, তার শ্যালক হাবিবুর বৃহস্পতিবার জামালপুর থেকে বাড়িতে আসার কথা তিনি শুনেছেন। তার শারীরিক প্রতিবন্ধী শিশুপুত্রকে নিয়ে পারিবারিক ভাবে হাবিবুর অশান্তিতে ছিল বলে তিনি জানান।
ফুলবাড়ীয়া থানার ওসি শেখ কবিরুল ইসলাম জানান, শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ প্রহরায় উন্নত চিকিৎসার জন্য হাবিবুর রহমানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি