দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় নিজের ভাতিজা মকবুল শাহরিয়ার আসিফকে দল থেকে বহিষ্কার করেছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ।
সিঙ্গাপুরে মেডিকেল চেকআপ শেষে বৃহস্পতিবার দেশে ফেরার পর শুক্রবার তিনি আসিফকে বহিষ্কার করেন। আসিফ জাপার কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও সাবেক সংসদ সদস্য। এছাড়া তিনি রংপুর জেলা জাপার আহ্বায়ক কমিটির সদস্য-সচিব ছিলেন।
জাপা চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিকাল সেক্রেটারি সুনীল শুভ রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের কথা জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলের সমর্থন পেয়েছেন মোস্তাফিজুর রহমান মোস্তফা। জাপার কোনো নেতাকর্মী যদি বহিষ্কৃত আসিফ শাহরিয়ারের পক্ষে নির্বাচনে গণসংযোগে অংশ নেন, তাহলে তাকেও দল থেকে বহিষ্কার করা হবে।’ নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২১ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনের নির্বাচন।
প্রসঙ্গত, আসিফ শাহরিয়ার এরশাদের ভাই প্রয়াত মোজাম্মেল হক লালুর ছেলে। এর আগে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এরশাদ তার স্ত্রী বেগম রওশন এরশাদ ও ভাই জিএম কাদেরেকও দল থেকে অব্যাহতি দিয়েছিলেন। কিছুদিন পরে আবার সেই অব্যাহতি প্রত্যাহার করে নেন।
ইত্তেফাক/ইউবি