চৌহালীতে যমুনার তীর সংরক্ষণ বাঁধে আবারো ধসে এবার ৮০ মিটার বিলীন হয়েছে।শুক্রবার বিকেলে খাসকাউলিয়া চোদ্ধরশি পয়েন্টে এ ধসের ঘটনা ঘটে।
চৌহালীর ভারপ্রাপ্ত ইউএনও আনিসুর রহমান জানান, উপজেলা সদরের পৌনে ৪ কিলোমিটার এবং টাঙ্গাইলের সোয়া ৩ কিলোমিটার মিলে ৭ কিলোমিটার এলাকা রক্ষায় এশিয় উন্নয়ন ব্যাংক ১০৯ কোটি টাকার বরাদ্দ দেয়। এই টাকা দিয়ে ভাঙ্গনের রশি টেনে ধরতে নদীর পূর্ব পাড়ের টাঙ্গাইল সদর উপজেলার সরাতৈল থেকে দক্ষিণে নাগরপুর উপজেলার পুকুরিয়া, শাহজানীর খগেনের ঘাট, সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ঘোরজানের চেকির মোড়, আজিমুদ্দি মোড়, খাসকাউলিয়া, জোতপাড়া এলাকায় (৭ কিলোমিটার) ২০১৫ সালের ২৪ নভেম্বর সংরক্ষণ বাঁধের কাজ শুরু হয়। যার ৯৫ ভাগ কাজ শেষ হয়েছে। তবে হঠাৎ করে শুক্রবার বিকেলে বাঁধের চৌহালীর চোদ্ধরশি অংশে ৮০ মিটার জুড়ে ধসে যায়। বাঁধ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় পাথরের বোল্ড ও জিও ব্যাগ।
টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ জানান, বার-বার ধসে আমরাও বিব্রত। তাই প্রধান প্রকৌশলী ও পাউবো মহাপরিচালককে অবহিত করা হয়েছে। আশা করছি তারা দ্রুত বাঁধ পরিদর্শন করে কার্যকরী পদক্ষেপ নিবেন।
ইত্তেফাক/আরকেজি