আজ বেগম রোকেয়া দিবস

 
উপমহাদেশের নারী জাগরণের অগ্রদূত মহীয়সী নারী বেগম রোকেয়া ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। আজ তার ১৩৭ তম জন্মদিন এবং একই সঙ্গে ৮৫তম প্রয়াণদিবস। এই পায়রাবন্দেরই কোনো এক স্থানে ছিল তার আঁতুর ঘর। ধ্বংসপ্রায় বাড়িটির এই চার দেওয়ালের মধ্যেই ধর্মান্ধ সমাজের বিরুদ্ধে লড়াই করে বিশ্বসভায় অনন্য স্থান করে নিয়েছিলেন বেগম রোকেয়া। তার আদর্শ, কর্ম ও জীবন সম্পর্কে নতুন প্রজন্মকে অবহিত করার পাশাপাশি তার স্মৃতি এবং অবদানকে স্মরণীয় করে রাখতে রোকেয়ার জন্মভূমি রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে নির্মিত হয় বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্র। স্মৃতি কেন্দ্রটি একযুগেরও বেশি সময় ধরে অবহেলিত অবস্থায় পড়ে আছে।
 
জানা যায়, ৯ ডিসেম্বর বেগম রোকেয়ার জন্ম ও প্রয়াণ দিবস উপলক্ষে ১৯৭৪ সাল থেকে পায়রাবন্দবাসী তাকে স্মরণ করে রোকেয়া দিবস পালন করে আসছেন। সরকারিভাবে ১৯৯৪ সাল থেকে জেলা প্রশাসনের আয়োজনে বেশ ঘটা করেই দিবসটি পালন করা হয়। সেই সঙ্গে পায়রাবন্দে ৯-১১ ডিসেম্বর রোকেয়া মেলা বসে। সেখানে তিনদিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। কিন্তু এলাকাবাসীর দাবি এখানে এ ধরনের মেলা না করে যদি রোকেয়া দিবস উপলক্ষে তিনদিনব্যাপী বইমেলার আয়োজন করা যেতো তাহলে মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বইপ্রেমীদের সমাগম বেশি হতো।
 
কর্মসূচি
 
দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। জেলা প্রশাসনের উদ্যোগে আজ শনিবার থেকে রোকেয়ার জন্মস্থান পায়রাবন্দে ৩ দিনব্যাপী রোকেয়া মেলাসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে রোকেয়ার স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, স্বেচ্ছা রক্তদান ও রক্তের গ্রুপ পরীক্ষা, পায়রাবন্দ জামে মসজিদে মিলাদ মাহফিল, কবিতা আবৃত্তি, বিতর্ক, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, নাটিকা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার প্রদান, পদক বিতরণ এবং আলোচনা সভা।
 
অপরদিকে বেগম রোকেয়া ফোরাম, বেগম রোকেয়া স্মৃতি সংসদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া কলেজসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথক পৃথক র‌্যালি, আলোচনা সভা, নারী সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নির্ধারিত বক্তৃতা, স্বরচিত কবিতা আবৃত্তির আয়োজন করেছে।
 
ইত্তেফাক/এমআর