পুত্রশোকে ধুনট আওয়ামী লীগ নেতার মৃত্যু

বগুড়ার ধুনট উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ মিল্টনের (৪২) মৃত্যুর শোকে তার বাবা উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ বিশিষ্ট ঠিকাদার মোহাম্মদ আলী ইন্তেকাল করেছেন (ইন্না...রাজেউন)। বৃহস্পতিবার সকাল ৮টায় নিজবাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, যুবলীগ নেতা আব্দুল মজিদ মিল্টন হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টায় তিনি ইন্তেকাল করেন। বুধবার সকাল সাড়ে ১১টায় তার জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।

এদিকে আব্দুল মজিদ মিল্টনের মৃত্যুর শোকে কাতর ছিল বাবা মোহাম্মদ আলী। বৃহস্পতিবার সকাল ৮টায় পুত্রের কবর জিয়ারত করে বাসায় ফিরে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আছর জানাজা শেষে পুত্রের কবরের পাশে তার দাফন সম্পন্ন করা হয়। 

আরও পড়ুনঃ বশেমুরবিপ্রবিতে যৌন নির্যাতকের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত

এদিকে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংসদ সদস্য হাবিবর রহমান, ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, সাবেক চেয়ারম্যান অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক, তৌহিদুল আলম মামুন, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডলসহ অন্য নেতৃবৃন্দ।

ইত্তেফাক/নূহু