ডার্বিতে রবিবার মুখোমুখি হতে যাচ্ছে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা দুই দল ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড। এই ম্যাচকে সামনে রেখে দুদলই ভিন্ন ভিন্ন পরিস্থিতির সামনে রয়েছে। অপ্রতিরোধ্য সিটির সামনে সুযোগ নিজেদের আরো এগিয়ে নেয়ার, অন্যদিকে ইউনাইটেডের সামনে ম্যাচে জয়ী হয়ে সিটির থেকের পয়েন্টের ব্যবধান কমানোর হাতছানি। ১৫ ম্যাচ পরে সিটির থেকে আট পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে থাকলেও ইউনাইটেড বস হোসে মরিনহো মনে করেন এখনই লিগ শিরোপা জয় নিয়ে ভবিষ্যদ্বাণী করতে চান না।
ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত হাই ভোল্টেজ ম্যাচটিতে ইউনাইটেড কখনই চাইবে না ঘরের মাঠের সমর্থকদের হতাশ করতে। কারণ লিগের এই পর্যায়ে এসে সিটির থেকে আরো পিছিয়ে পড়ার অর্থই হচ্ছে শিরোপা থেকে আরো দূরে সরে যাওয়া। তারপরও মাঠের লড়াইয়ে অপ্রতিরোধ্য সিটিজেনদের টপকে শিরোপা লড়াইয়ে এগিয়ে যাওয়া কতটা সম্ভব হবে এই প্রশ্নের জবাবে মরিনহো অনেকটা আত্মবিশ্বাসের সাথেই বলেছেন, ‘আমরাও চ্যাম্পিয়ন হতে পারি, অথবা অন্য কোন দল। গত দুই বছরের তুলনায় এবার আমরা নিঃসন্দেহে অনেক ভাল খেলছি। কিন্তু সিটিও ভাল দল।’
গত মৌসুমে ওল্ড ট্র্যাফোর্ডের ম্যাচের মাধ্যমে মরিনহো ও সিটি বস পেপ গার্দিওলার ম্যানচেস্টার ডার্বিতে অভিষেক হয়েছিল। ম্যাচটিতে অবশ্য স্বাগতিক দল ২-১ গোলে পরাজয় বরণ করতে বাধ্য হয়। মরিনহো যতটা আত্মবিশ্বাসের সুরে কথা বলেছেন গার্দিওলার মধ্যে ততটা ইতিবাচক মনোভাব লক্ষ্য করা যায়নি।
তার মতে ওল্ড ট্র্যাফোডে মরিনহো তার ইউনাইটেড স্কোয়াডকে যতটা উজ্জীবিত ভাবে গড়ে তুলেছেন তার বিপরীতে কালকের ম্যাচে সিটি কিছুটা হলেও পিছিয়ে থাকবে। মধ্যমাঠে নেমানজা মাটিজ, পল পগবাদের সাথে আরো রয়েছেন জøাটান ইব্রাহিমোভিচ ও মারোনে ফেলাইনির মত তারকারা। যদিও নিষেধাজ্ঞার কারনে কাল খেলতে পারবেননা ফ্রেঞ্চ তারকা পগবা।
২০১৬ সালের সেপ্টেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেবার পর থেকে মরিনহো দলের মধ্যে অন্যরকম এক আবহ তৈরী করেছেন। ডার্বি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে মরিনহো বলেছেন, সবাই যদি বিষয়টা ইতিবাচক হিসেবে দেখে তবে ডার্বির মধ্যেও অনেক সুন্দর বিষয় রয়েছে। একই শহর, তবে ভিন্ন ভিন্ন রং। বন্ধুরা সবাই ভিন্ন ভিন্ন রংকে সমর্থন করছে। এমনকি একই ছাদের নীচে থাকা একই পরিবারের সদস্যরা একেক দলকে সমর্থন করছে। এসব দিক ছাড়িয়ে ইতিবাচক ভাবে বিবেচনা করলে পুরো বিষয়টা অনেক সুন্দর।
ইত্তেফাক/কেআই