‘চরবাসীকে উন্নয়নের বাইরে রেখে এসডিজি বাস্তবায়ন সম্ভব নয়’

 
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেছেন, দেশের লাখ লাখ চরবাসীকে জাতীয় উন্নয়নের বাইরে রেখে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ কিংবা টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) বাস্তবায়ন সম্ভব নয়। এ কারণে চরবাসীর সার্বিক উন্নয়ন ও কল্যাণে ‘চর উন্নয়ন’ কর্তৃপক্ষ গঠন করতে হবে। 
 
শনিবার রংপুরের আরডিআরএস মিলনায়তনে ‘টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) বাস্তবায়নে ক্ষুদ্র অর্থায়ন সংস্থাসমূহের ভূমিকা’ শীর্ষক আঞ্চলিক সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
 
উদ্দীপন এর নির্বাহী পরিচালক ও সিডিএফ চেয়ারম্যান এমরানুল হক চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে তিনি আরো বলেন, প্রতিবছর সারাদেশে নদী ভাঙ্গণে লাখ লাখ মানুষ গৃহহীন ও বেকার হয়ে পড়ে। নদী ভাঙ্গণ রোধে সরকার শত শত কোটি টাকার কাজ করলেও ভাঙ্গণ রোধ একেবারে সম্ভব রোধ হয় না। 
 
তিনি বলেন, সারাদেশের বিভিন্ন নদে চরের লাখ লাখ মানুষদের জীবনমান উন্নয়নে ‘চর উন্নয়ন’ কর্তৃপক্ষ গঠন করে চরবাসীর দারিদ্র দূর করা সম্ভব। সারাদেশে সর্বনিম্ন ১০টি অতি দরিদ্র জেলার মধ্যে রংপুর বিভাগের ৪টি জেলার নাম থাকায় উদ্বেগ প্রকাশ করে ডেপুটি স্পিকার বলেন, বিগত বৎসরগুলোতে বাংলাদেশের দরিদ্রতা উল্লেখযোগ্য হারে কমলেও দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে দারিদ্র্যের হার বেড়েছে। 
 
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, ব্রাক বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও সিডিএফ গভর্নিং বড়ির সদস্য এস.এন কৈরী, বাংলাদেশ ব্যাংক রংপুরের নির্বাহী পরিচালক জোয়ার্দার ইসবাইল হোসেন, কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (সিডিএ)-এর নির্বাহী পরিচালক শাহ-ই-মবিন জিন্নাহ্, এসকেএস ফাউন্ডেশন এর নির্বাহী প্রধান রাসেল আহমেদ লিটন।
 
সম্মানিত অতিথির মধ্যে বক্তব্য রাখেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অমলেন্দু মুখার্জী, রংপুরের বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, ডিআইজি রংপুর রেঞ্জ খন্দকার গোলাম ফারুক, বিপিএম, পিপিএম, বাংলাদেশ ব্যাংক রংপুরের জিএম শাহীনুল ইসলাম প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি