মিথ্যাচারের জন্য ফখরুলকে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে হবে: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, দুর্নীতিবাজ বেগম খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমানকে বাঁচাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মরিয়া হয়ে উঠেছে। বিএনপির দুর্নীতি ঢাকতে তারা সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমা চাইতে বলেছেন। এই ঔদ্ধত্যপূর্ণ আচারণের জন্য মির্জা ফখরুল ইসলামকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে শেখ হাসিনার কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায় জনতা তার বিচার করতে বাধ্য হবে। 
 
তিনি বলেন, খালেদা জিয়াকে আওয়ামী লীগ সরকার কোন মামলা দেয়নি। দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে মামলা দিয়েছে দুদক। তিনি আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে চারদিকে যে উন্নয়ন সৃষ্টি করেছে। স্বাধীনতা বিরোধী চক্র বিএনপি জামায়াত মিলে উন্নয়নকে বাধাগ্রস্ত করতে নানান ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। 
 
শনিবার দুপুরে পটিয়া উপজেলা পরিষদ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
 
উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাশেদ মনোয়ার ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ. কে. এম. এনামুল হক শামীম। 
 
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বিশ্বব্যাংক পদ্মা সেতু নির্মাণে দুর্নীতির অভিযোগ করলেও আদালতে প্রমাণ করতে পারেনি। শেখ হাসিনা সরকার দেশের টাকা দিয়ে এখন পদ্মা সেতু নির্মাণ করছে। দেশের নতুন নুতন মেগা প্রকল্প হাতে নিয়ে দেশকে মহা উন্নয়নের রোডম্যাপে নিয়ে গেছে। এখন বিদ্যুৎতের কোন সমস্যা নেই। বিদ্যুৎ সেক্টরে শেখ হাসিনা সরকার সর্বকালের রেকর্ড ভঙ্গ করে ১৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে বাংলাদেশের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে। 
 
ইত্তেফাক/এমআই