সীতাকুণ্ডে পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং ১৫ জন আহত হয়েছেন। নিহত দুজন হলেন, নাছির উদ্দীন (৪৮) ও আব্দুল মান্নান (৩৫)। নাছির উদ্দীন সোনইছড়ী ইউনিয়নের শীতলপুর এলাকা আমিনুল ইসলামের পুত্র। আব্দুল মান্নান ভোলা জেলাধীন বোরহান উদ্দীন উপজেলার নাশীতলা গ্রামের দিন মুহাম্মদের পুত্র।
জানা যায়, বৃহস্পতিবার দুপুর দেড়টায় কুমিরাঘাট ঘর এলাকায় চট্টগ্রামমূখী বাঁধন পরিবহন বাসটি আন্তসর্দার পরিবহনকে পিছন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে আব্দুল মান্নান নিহত হন। বাঁধন পরিবহনের বাসের যাত্রী সাইমা (২১) আয়াতুন নুর (১৯) সারমিন আক্তারসহ (১৭) চারজন আহত হয়।
একই সময়ে বাঁশবাড়ীয়া এলাকায় ভোর ৫টায় হানিফ পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে আনুমানিক ১০জন আহত হয়। আহত সকলকে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স ও চমেক হাসপাতালে ভর্তি করা হয়।
অপরদিকে সোনাইছড়ী ইউনিয়নের শীতলপুর এলাকায় সকাল ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পারাপারের সময় নাছির উদ্দীন একটি প্রাইভেট কারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন।
আরও পড়ুনঃ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন চিফ হুইপ লিটন চৌধুরী
এ ব্যাপারে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই মাহবুব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহতদের হাসপাতালে পাঠানো হয়। নিহত মান্নানের লাশ মর্গে প্রেরণ করা হয়।
ইত্তেফাক/নূহু