মোটরসাইকেল ব্যবসায়ী কেড়ে নিলো প্রায় দুই লাখ টাকা!

নওগাঁর রাণীনগরে মোটরসাইকেল বিক্রির কথা বলে ক্রেতাকে নিজ বাড়িতে ডেকে এনে মারপিট করে ও হাত-পা বেঁধে প্রায় ১লাখ ৭০হাজার টাকা লুট করেছে এক ব্যবসায়ী।  অভিযুক্ত ওই মোটরসাইকেল ব্যবসায়ীর নাম এবাদুল। বৃহস্পতিবার রাণীনগর বাজার সংলগ্ন এবাদুলের ভাড়ার বাসায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আত্রাই উপজেলার ভোঁপাড়া গ্রামের জইন শেখের ছেলে এবাদুল হক দীর্ঘদিন যাবৎ সহ-পরিবারে রাণীনগর বাজার সংলগ্ন মকবুল হোসেনের বাড়ি ভাড়া নিয়ে বসবাস করে আসছে। সে মোটরসাইকেল কেনা-বেচার ব্যবসা করতো। তার কাছে থাকা একটি মোটরসাইকেল বিক্রয় করার কথা বলে বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার সুগানগাড়ি গ্রামের রইচ উদ্দিনের ছেলে মামুনসহ আরো দুজনকে বাড়িতে নিয়ে আসে এবাদুল। এ সময় মামুনসহ তার সঙ্গীয় দুজনের হাত মুখ বেঁধে মারপিট করে তাদের কাছে থাকা ১লাখ ৭০হাজার টাকা কেড়ে নিয়ে এবাদুলসহ তার সঙ্গীরা পালিয়ে যায়।

বিষয়টি জানতে পেরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। এ ঘটনায় মামুন বাদী হয়ে রাণীনগর থানায় বিকেলে এবাদুলকে প্রধান আসামি করে অজ্ঞাত আরো কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে এবাদুল হক ও তার পরিবারের সদস্যরা পলাতক থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ সীতাকুণ্ডে পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএসএম সিদ্দিকুর রহমান বলেন, এ ঘটনায় মামুন বাদী হয়ে এবাদুলসহ অজ্ঞাত ৪/৫ জন নামে মামলা করেছেন। তাদের গ্রেফতার করার চেষ্টা অব্যাহত রয়েছে।

ইত্তেফাক/নূহু