আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে 'জয়িতা অন্বেষণে বাংলাদেশ' কার্যক্রমের আওতায় জেলা পর্যায়ের পাঁচ জয়িতাকে সম্মাননা দেয়া হয়েছে।
জেলা প্রশাসনের সহযোগিতায় মহিলা বিষয়ক অধিদফতর শনিবার বিকেলে ওই অনুষ্ঠানের আয়োজন করে। পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল আলীম খান ওয়ারেশী জয়ীতাদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র এবং একটি করে শাল তুলে দেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার এ টি এম শাহীদ আহম্মেদ, পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মির্জা আবুল কালাম দুলাল, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুখশানা মমতাজ উপস্থিত ছিলেন।
সম্মাননা পাওয়া পাঁচ জয়ীতা হলেন- অর্থনীতিতে দেলোয়ারা আক্তার, সফল জননী হিসেবে জয়নব বেগম, সমাজ উন্নয়নে মনিরা পারভীন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে আঞ্জুমান আরা বেগম এবং নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় তানজিনা আক্তার।
ইত্তেফাক/জামান