অস্বস্তির মধ্যে প্রথম দিন পার করার পর দ্বিতীয় দিনে সুবিধাজনক অবস্থানে চলে এসেছে স্বাগতিক নিউজিল্যান্ড। আগের দিনের সাত উইকেটে ২৮৬ রান নিয়ে ব্যাট করতে নামা কিউইরা আজ প্রথম ইনিংস শেষ করেছে ৩৭৩ রানে। পরে প্রথম ইনিংসে ব্যাট হাতে নেমে ৮ উইকেটে ২১৫ রান নিয়ে দ্বিতীয় দিনশেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ।
আজ বল হাতে নৈপুণ্য দেখানোর আগে ব্যাট হাতেও ওয়েস্ট ইন্ডিজকে ভোগালেন টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট। প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজের লড়াই দ্বিতীয় দিনে গেল হারিয়ে। নেইল ওয়াগনারের উইকেটটা দিনের শুরুতে সহজভাবেই তুলে নিয়েছিল ক্যারিবীয় বোলাররা। তবে টম ব্লান্ডেল, টিম সাউদি ও টেন্ট বোল্ট তিনজনই বেশ ভুগিয়েছেন সফরকারীদের। এই তিনজনের প্রচেষ্টায় বাকি দুই উইকেটে আরও ৮৭ রান যোগ করতে সক্ষম হয় কিউইরা। বোল্ট ৩৭ রানে অপরাজিত ছিলেন। আর সাউদি ৩১ ও ব্লান্ডেল করেন ২৮ রান করেন।
ব্যাটিংয়ের পর বোলিংয়েও নিউজিল্যান্ডকে দাপুটে অবস্থানে ফিরিয়ে আনেন সাউদি-বোল্ট। ইনিংসের প্রথম ওভারেই কাইরান পাওয়েলকে ফেরান সাউদি। তিনে নামা শিমরন হেটমায়ারকে অসাধারণ এক ফিরতি ক্যাচে ফেরান বোল্ট। এরপর ওয়েস্ট ইন্ডিজ উইকেট হারিয়েছে নিয়মিত বিরতিতে। লড়াই করে গেছেন কেবল ক্রেইগ ব্র্যাথওয়েট। ক্যারিবীয় এই অধিনায়ক ফিরেছেন ৬৬ রানে।
বৃষ্টি বাধা আর ক্যারিবিয়ান লোয়ার অর্ডারের কিছুটা প্রতিরোধে এদিন আর অলআউট হয়নি ওয়েস্ট ইন্ডিজ। অভিষিক্ত অলরাউন্ডার রেইফার ২২ রানে অপরাজিত ৮২ বলে। এর আগে শেন ডওরিচ করেছেন ৩৫ রান। নিউজিল্যান্ডের চার পেসার টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম ও নেইল ওয়াগনার দুটি করে উইকেট নেন।
ইত্তেফাক/কেআই