বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি এবং উদ্ভাবন বিষয়ক সিগ্রাফ সম্মেলন বৃহস্পতিবার রাজধানী ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। কম্পিউটার গ্রাফিক্স, ইন্টার-অ্যাক্টিভ টেকনিক, সৃজনশীল প্রযুক্তি এবং এই সম্পৃক্ত শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে সম্মেলনে আলোচনা করা হয়।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দু বারের অস্কার বিজয়ী বাংলাদেশী নাফিস বিন যাফর, অস্কারের মননয়ন প্রাপ্ত ওয়াহিদ রেজা, চলচিত্র ও বিজ্ঞাপন নির্মাতা অমিতাভ রেজা। সিগ্রাফ-এর এই বাংলাদেশে যাত্রা শুরু হওয়ার অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন সংস্কৃতি মন্ত্রী এবং প্রখ্যাত অভিনেতা আসাদুজ্জামান নুর। এছাড়াও সিগ্রাফ-ঢাকা এর ভবিষ্যৎ পরিকল্পনা এবং এর সম্ভাবনা নিয়ে কথা বলেন সিগ্রাফ-ঢাকা এর সেক্রেটারি এবং অগ্নিরথ স্টুডিও এর সিইও এবং প্রতিষ্ঠাতা যুবায়ের কাওলাইন।
সম্মেলনে আসাদুজ্জামান নুর বলেন, আমাদের দেশে সৃজনশীল চলচিত্র, অ্যানিমেশন এবং ভিজুয়াল ইফেক্ট সম্পৃক্ত কাজগুলোকে একটি শিল্পে পরিণত করতে হবে যেন অন্যান্য পেশার মতো কম্পিউটার গ্রাফিক্স এবং ইন্টার-অ্যাক্টিভ টেকনিক নিয়ে আগ্রহীরা একটি আস্থার জায়গা পায়। আমি বিশ্বাস করি সরকারের পাশাপাশি সিগ্রাফের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো সেই সম্ভাবনাকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে।
এই সম্মেলনের প্যানেল আলোচনায় দুবারের অস্কার বিজয়ী বাংলাদেশী নাফিস বিন যাফর সিগ্রাফের সাথে তার ১৯ বছরের সম্প্রিক্ততার কথা তুলে ধরেন এবং বাংলাদেশে এর ভবিষ্যৎ সম্ভাবনার কথাও বলেন।
ইত্তেফাক/রেজা