গ্রীষ্মকালে মন চলে যায় আমার সবুজ গাঁয়
উদোম হয়ে ঘুরতে থাকি জুতা ছাড়া পায়!
গাছে গাছে ঝুলছে দেখি মিষ্টি পাকা আম
গাছে বসেই খেতে থাকি আমের সাথে জাম!
সব বাড়িতেই জমা আছে আদরমাখা খাম
সারা গাঁয়ে সবাই চেনে জানে আমার নাম!
গাঁয়ে গেলেই অবাধ আমি সবুজ এবং কাঁচা
সব বাড়িতে দেখতে পারি ভালোবাসার মাচা!
হারিয়ে গেছে বালকবেলা হারিয়ে গেছে গাঁও
আগের মতো আর পাবে না এখন যদি যাও
মাথার ’পরে উদার আকাশ বাতাস ছিল মুক্ত
বড় হওয়ার জন্য সবাই হচ্ছি উপযুক্ত?