‘কম বয়সীরা নিজ উদ্যোগেই কর দিচ্ছে’

 
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, যারা এখন নতুন কর দিচ্ছে, তাদের বেশির ভাগেরই বয়স ৪০ বছরের নিচে। দেশের এই যুব সমাজ মনে করে রাষ্ট্র তাদের জন্য কিছু করছে। তাই তারা নিজ উদ্যোগে কর দিচ্ছে। মূলত তরুণ সমাজই দেশকে এগিয়ে নিচ্ছে।
 
আজ রবিবার রাজধানীর আগারগাঁও নির্মাণাধীন রাজস্ব ভবন প্রাঙ্গণে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহের উদ্বোধন এবং ‘রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ বাস্তবায়নে ভ্যাটের গুরুত্ব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনবিআর সদস্য (শুল্ক ও ভ্যাট প্রশাসন) মো. রেজাউল হাসান।
 
অর্থমন্ত্রী বলেন, তরুণ সমাজই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদের দেশকে আমরা ডিজিটাল ওয়ার্ল্ডের একটি শ্রেষ্ঠ দেশ বলে অভিহিত করি। সেখানেও দেখি নেতৃত্বের আসনে বসে আছে সব যুব সমাজের প্রতিনিধিরা। তাদের হাতে দেশের ভবিষ্যত। তাদের হাতে দেশের ভবিষ্যত আরো উজ্জল হবে সেটাই আশা করি।
 
তিনি বলেন, আমাদের দেশে রাজস্ব কম, চাহিদা বেশি। এ রকম একটা অপবাদ এখনো আছে। কিন্তু এতে পরিবর্তন আসছে। এ পরিবর্তন অত্যন্ত লক্ষ্যণীয়। যারা আয়কর দিতেন তাদের সংখ্যা ১৪ লাখ ছিল। সেটা এখন ৩০ লাখের কাছাকাছি হয়েছে।
 
অনুষ্ঠানে ২০১৫-১৬ অর্থবছরের সর্বোচ্চ ভ্যাট প্রদান করায় জাতীয় পর্যায়ে উৎপাদন,ব্যবসায় ও সেবা এ তিনটি ক্যাটাগরিতে ৯টি প্রতিষ্ঠান এবং বৃহত্তর ঢাকা জেলার ২৭টি প্রতিষ্ঠানকে সম্মাননা ও ভ্যাট অনার কার্ড প্রদান করা হয়। এবার ২০১৫-১৬ অর্থবছরে জাতীয় পর্যায়ে ৯টি ও জেলা পর্যায়ে ১৪০টি প্রতিষ্ঠানকে এনবিআর সম্মাননা প্রদান করেছে। বাসস
 
ইত্তেফাক/কেকে