বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে হালকা বৃষ্টি হতে পারে

 
বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। 
 
আজ সোমবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে।
 
আবহাওয়া অফিস জানায়, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
 
আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩২ মিনিটে। 
 
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরো দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থান করছে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।
 
পরবর্তী ৭২ ঘণ্টায় রাতের তাপমাত্রা আরো হ্রাস পেতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। বাসস
 
ইত্তেফাক/কেকে